বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকালের তুলনায় আজ সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৩৩ শতাংশ কমে ১০১.৬৩ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে সৌদি আরব ও ইয়েমেনের হুতিরা। এর জেরে গত সপ্তাহে অনেকটা বেড়ে যায় তেলের দাম। গত ১৫ সেপ্টেম্বর ১০৯.৩১ ডলারে পৌঁছে যায় ব্রেন্ট ক্রুডের দাম।
অয়েল প্রাইজ ডট কমের তথ্য বলছে, সোমবার ডাব্লিওটিআই ক্রুডের দামও কমেছে বেশ কিছুটা। ২ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ডাব্লিওটিআই ক্রুডের দাম দাঁড়িয়েছে ৯৮.২২ ডলারে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে জাতিসংঘের বৈঠকের মধ্য দিয়ে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা শুরু হওয়ার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের ভাষ্য, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে একটি কূটনৈতিক পথ তৈরি হতে পারে। এই আশায় তেলের দাম কিছুটা কমছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকির মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এই সপ্তাহে নিউইয়র্কে যেতে পারেন ইরানের প্রেসিডেন্ট।



