কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

গ্রাফিকস: আগামীর সময়
কাশির সঙ্গে রক্ত বের হলে তা অনেকের কাছেই আতঙ্কের বিষয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় হিমোপটাইসিস। কফের সঙ্গে রক্ত আসার পেছনে নানা কারণ থাকতে পারে। আমাদের দেশে এর অন্যতম প্রধান কারণ যক্ষ্মা। এ ছাড়া দীর্ঘস্থায়ী শ্বাসনালির সংক্রমণ, নিউমোনিয়া, ফুসফুসের ক্যানসার কিংবা শ্বাসনালির অন্যান্য রোগেও এমনটা হতে পারে। তাই সঠিক কারণ নির্ণয় করা সবচেয়ে জরুরি।
যেসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেবেন
· একসঙ্গে অনেক বেশি রক্ত বের হলে
· বারবার বা প্রতিদিন রক্ত আসতে থাকলে
· শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা বুকে ব্যথা হলে
· ওজন কমে যাওয়া, জ্বর ও দীর্ঘদিনের কাশির সঙ্গে রক্ত এলে
করণীয়
· আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন ও বিশ্রাম নিন
· কী পরিমাণ রক্ত আসছে এবং কতবার হচ্ছে তা খেয়াল রাখুন
· দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
· প্রয়োজনীয় পরীক্ষা, যেমন বুকের এক্স-রে ও কফ পরীক্ষা করিয়ে নিন
· যক্ষ্মা শনাক্ত হলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পুরো কোর্স সম্পন্ন করুন
কফের সঙ্গে সামান্য রক্ত এলেও তা শরীরের একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত। ঘরোয়া চিকিৎসা বা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে নিরাপদ। সঠিক সময়ে কারণ নির্ণয় ও চিকিৎসা শুরু হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
লেখক: সিনিয়র মেডিকেল অফিসার, আইএমও



