ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুল ও মরিয়ম খাতুন। ছবি: সংগৃহীত
যার সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার পর জি এম নজরুল ইসলাম নিজের দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তার সেই দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেল ঢাকায় এই সংসদ সদস্যের ফ্ল্যাটে।
মোছা. মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ঘটনাটিকে সন্দেহজনক মনে করছেন। পুলিশ বলছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবন) নজরুলের ফ্ল্যাটে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ যায় সেখানে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান আগামীর সময়কে বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। মরিয়মের মরদেহ কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় ছিল।
মানকি মিয়া এভিনিউর দক্ষিণ পাশের সংসদ সদস্য ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় পেয়েছিল বলে জানান উপকমিশনার ইবনে মিজান।
জামায়াত ও এনসিপির কয়েকজন সংসদ সদস্য আগামীর সময়কে বলেছেন, ময়িয়ম আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।
তবে কেন এই ধারণা, সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।
পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেছেন, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি তারা। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনার সময় নজরুল ফ্ল্যাটে ছিলেন না। তিনি আজ দুপুরেই দ্বিতীয় স্ত্রী সংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিননামা দাখিল করতে গিয়েছিলেন ঢাকার আদালতে। তার কয়েক ঘণ্টার মধ্যে তার স্ত্রীর মৃত্যুর খবর এল।
প্রবীণ রাজনীতিক নজরুল সাতক্ষীরা-৪ আসনে জামায়াত থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ গত ফেব্রুয়ারি নির্বাচনেও তিনি দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছিলেন।
গত জুলাইয়ে সোশাল মিডিয়ায় এক তরুণীর সঙ্গে নজরুলের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তখন নৈতিক স্খলনের কারণ দেখিয়ে জামায়াত তাকে বহিষ্কার করে।
এরপর নজরুল জানান, ওই তরুণীর মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী। নজরুলের প্রথম স্ত্রীও তিার স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটি নিশ্চিত করেন।
জামায়াত বহিষ্কার করলেও নজরুলের সংসদ সদস্যপদ টিকে আছে। জুলাইয়ের ঘটনার পর সংসদ সদস্য ভবনের ওই ফ্ল্যাটে মরিয়মকে নিয়ে থাকতে শুরু করেন নজরুল।
এদিকে, মরিয়মের মামা ওবায়দুর রহমান একটি মামলা করেন নজরুলের বিরুদ্ধে। গত ২১ জুলাই ঢাকার পল্লবী থানায় করা সেই মামলায় ওবায়দুর রহমান অভিযোগ করেন, মরিয়মের সঙ্গে নজরুলের অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁস করার সন্দেহে তাকে মারধর করা হয়েছে।
ওবায়দুর এক সময় সংসদ সদস্য নজরুলের গাড়ি চালাতেন। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে। সেই সূত্র ধরে পল্লবীতে মরিয়মদের বাসায় যাতায়াত ছিল নজরুলের।
এই সুযোগে নজরুল বিভিন্ন প্রলোভন দেখিয়ে মরিয়মের সঙ্গে অপ্রীতিকর সম্পর্ক গড়ে তোলেন বলে ওবায়দুরের অভিযোগ। তার দাবি, তিনি এর প্রতিবাদ করতেন।
মামলায় অভিযোগ করা হয়, অন্তরঙ্গ ভিডিও নিয়ে কেউ নজরুলকে ‘ব্ল্যাকমেইল’ করছিল। এতে ওবায়দুর জড়িত সন্দেহে নজরুল তার ওপর হামলা চালায়।
হত্যাচেষ্টার অভিযোগের এই মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের
জামিন পান নজরুল। আজ তিনি ঢাকার আদালতে গিয়ে জামিননামা দাখিল করেন।





