অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম- ফেসবুক থেকে নেওয়া ছবি
কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সাইফুল ইসলাম তুহিনসহ (১৯) অন্য দুজন।
রবিবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
রাত সাড়ে ৮টার দিকে আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম গত শুক্রবার নিখোঁজ হওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। থানায় সাধারণ ডায়েরি, মুন অ্যালার্টের পরও তার সন্ধান মিলছিল না।
২০ ঘণ্টা পর গতকাল শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে বিনোদন পার্ক ‘ম্যাজিক প্যারাডাইস’ সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার জঙ্গলে পাওয়া যায় তার মরদেহ। এই স্থানটি অপ্রতিমের বাসা থেকে তিন কিলোমিটার দূরে।
অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর সারাদেশে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়, যার প্রকাশ ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মরদেহ উদ্ধারের পর রাতেই সন্দেহভাজন চারজনকে শনাক্ত এবং তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল কুমিল্লা পুলিশ। আজ রবিবার সংবাদ সম্মেলন করে এই হত্যাকাণ্ডের কারণ এবং গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তুলে ধরেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের করা মামলায় পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে প্রধান আসামি হলেন সাইফুল ইসলাম তুহিন। অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক, তারা নবম শ্রেণির শিক্ষার্থী। এছাড়া আরেক তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আজ দুই দফা জানাজা শেষে বাসার পাশে গন্ধমোতি কবরস্থানে শায়িত করা হয় অপ্রতিমকে।



