ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

ছবি: আগামীর সময়
গ্রাম বাংলার আবহমান লোকজ ঐতিহ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর নৌকাবাইচ প্রতিযোগিতা।
আজ রবিবার বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ নদীর ঘাট এলাকায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা হয়।
শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া-মলাইশ-গাজীপুর মাদকবিরোধী নৌকা বাইচ কমিটির উদ্যাগে মনোমুগ্ধকর বাইচটি বুড্ডাঘাট থেকে শুরু হয়ে মলাইশ ঘাটে শেষ হয়েছে।
প্রতিযোগিতাকে ঘিরে লাখো দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে তিতাস নদীর পাড়। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকা হতে দর্শনার্থীরা গাড়ি ও নৌকায় করে এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায়। বিশেষ করে নারীদের বিপুল উপস্থিতি নতুনমাত্রা যোগ করে। নদীতে অসংখ্য দর্শনার্থী নৌকার ভিড় ছিল চোখে পড়ার মতো। নদীর তীর মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠে।
দেওড়া-মলাইশ-গাজীপুর ঐতিহ্যবাহী মাদক বিরোধী কমিটির আহ্বায়ক সৈয়দ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু , সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল, সহসভাপতি আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, যুগ্ম সদস্য সচিব নুরুল আমিন মাস্টার, শাহজাদাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কাজী প্রমুখ।
প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা অংশ নেয়। এতে প্রথম স্থান অর্জন করেন শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব, নোঁয়াগাও ইউনিয়নের বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় ও এক্তারপুরের শাহআলম মাস্টারের নৌকা তৃতীয় স্থান অর্জন করে।



