ভোলায় স্বামীকে হত্যায় দ্বিতীয় স্ত্রীর মৃত্যুদণ্ড

ফাইল ছবি
ভোলায় স্বামীকে হত্যার দায়ে প্রধান আসামি নুরুন্নাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। নুরুন্নাহার নিহত ফরহাদ হোসেন টিটুর দ্বিতীয় স্ত্রী।
আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলহাজ্ব হাবিবুর রহমান (বাচ্চু) এসব জানিয়েছেন।
মামলার এজাহারে বলা আছে, ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে ফরহাদকে বাড়িতে ডেকে নেন দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার। পরদিন সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ওই বাড়ি থেকে ফরহাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। কাটা ছিল হাতের আঙুল।
এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মাহমুদা বেগম হত্যা মামলা করেন। আসামি করেন নুরুন্নাহার বেগমসহ ছয়জনকে। তদন্ত শেষে হত্যায় সম্পৃক্ততা না পাওয়ায় অন্য পাঁচ আসামির নাম বাদ দিয়ে নুরুন্নাহারের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর বললেন, ‘এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। বিজ্ঞ বিচারকের এমন রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী উভয়ই সন্তুষ্ট।’






