ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

ছবি: আগামীর সময়
শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।
আজ রবিবার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে সুজন মিয়া (১৮) এবং করিম আলীর ছেলে শিহাব (১৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি উল্টে যায়। এতে মাড়াইকলের নিচে চাপা পড়ে হোসাইন আলম, সুজন মিয়া ও শিহাব আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক হোসাইনকে মৃত ঘোষণা করেন। আহত সুজন মিয়া ও শিহাবের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




