ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ

মো. শাকিল। সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল সে। পরে শনিবার রাতে সীমান্তের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে শাকিলের মরদেহ শনাক্ত করেন।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারত অংশে থাকায় বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে ময়নাতদন্তের জন্য ভারতে নিয়ে যাওয়া হয়।
তিনি জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে— তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।




