চকরিয়ায় নাতনিকে নিয়ে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত বৃদ্ধা

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার ১০ বছরের নাতনি।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে।
নিহত বৃদ্ধার নাম মরিয়ম খাতুন (৮০)। তিনি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডেও মাশুক আহমদের স্ত্রী। আহত শিশুর ইস্পার বাড়ি বরইতলী ইউনিয়নের শান্তি বাজার গ্রামে।
চিরিংগা হাইওয়ে পুলিশ জানায়, বানিয়াছড়া স্টেশনে মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম খাতুন ও তার নাতনি ইস্পা। এসময় ঢাকা থেকে কক্সবাজারগামী ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটি এসি স্লিপার বাস তাদের চাপা দেয়।
স্থানীয়রা তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। ইস্পাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





