রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুইজন
রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার রাতে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) ও একই উপজেলার জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।
আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে সারইল এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় অটোরিকশার দুই যাত্রী শাহিন আলী ও পিংকি খাতুনকে আটক করা হয়। পরে শাহিন আলীর পরনের প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করেছিলেন। সেগুলো বিক্রির উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছিলেন তারা।
পুলিশ সুপার আরও জানান, অস্ত্রগুলো কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। অস্ত্রের উৎস, সরবরাহকারী ও সম্ভাব্য ক্রেতাদের শনাক্ত করতে তদন্ত চলছে।



