পাবনায় ২ কোটি ২৩ লাখ টাকার চেক মামলায় বিএনপি নেতা কারাগারে

ইমরুল কায়েস সুমন
পাবনার ঈশ্বরদীতে সাউথইস্ট ব্যাংকের প্রায় ২ কোটি ২৩ লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রবিবার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শাহিন কবির শুনানি শেষে এ আদেশ দেন। মামলাটির জিআর নম্বর ২০৩/১৯। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ।
মামলার নথি সূত্রে জানা গেছে, ব্যাংকিং লেনদেনের আর্থিক দায় পরিশোধের জন্য দেওয়া চেক ডিজঅনার হওয়ায় ইমরুল কায়েস সুমনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট ব্যবসায়ী আব্দুল মান্নান টিপুর দায়ের করা ১০ লাখ টাকার চেক ডিজঅনারের আরেক মামলায় সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন পাবনার প্রথম যুগ্ম দায়রা জজ আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
সাজাপ্রাপ্ত হওয়ার পরও গত ১৬ আগস্ট ইমরুল কায়েস সুমনকে ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব পদে মনোনীত করা হয়। পরে ২০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকে তাকে উপস্থিত করানো নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।




