লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি
জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই শিশুকে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮)। গতকাল মঙ্গলবার সকালে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
সিআইডি সূত্র জানায়, ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালে এ ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগী শিশুদের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন শিশুদের মা বাড়িতে না থাকার সুযোগে আসামিরা তার দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, আগে থেকেই পরিকল্পনা করে রাখা দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জের মাধ্যমে বিষ মেশানো হয়। পরে কিছু বুঝে ওঠার আগেই দুই শিশু সেই লাচ্ছি পান করে। কিছুক্ষণের মধ্যেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে যায় দুই শিশু।
এ ঘটনায় শিশুদের মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর করা ওই মামলায় ৩৪/৩০৭/৩২৮ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার নম্বর ৩৬, জিআর নম্বর ৭৫০/২০২১।
পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডি। দীর্ঘদিন ধরে তথ্য-উপাত্ত সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তদন্ত চালানো হয়। একপর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বাবু মিয়া ওরফে লাল বাবুকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, গ্রেপ্তার বাবু মিয়া বরিশালের কোতোয়ালী থানার গিলাতলী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আবুল কাশেম মিয়া এবং মায়ের নাম মৃত রওশনারা বেগম। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




