চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শিবগঞ্জ থানা
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর এলাকায়।
নিহতরা হলেন ওই এলাকার মনোয়ারা বেগম ও তার স্বামী মফিজুল হক।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারাকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি ঘরের ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত দম্পতির ছেলের বউ শাপলা বেগম দাওয়াত খেয়ে বাড়ি ফিরে জানালা দিয়ে শাশুড়ির রক্তাক্ত দেহ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরেই স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।






