নান্দাইল
চুরির অভিযোগের পর যুবকের লাশ মিলল ঘরে, বাবার দাবি- আত্মহত্যা

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের নান্দাইলে চুরির অভিযোগকে কেন্দ্র করে নাঈম মিয়া (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে তাকে মারধর ও অপমান করা হয়েছিল। এ ঘটনায় মামলা করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামের নিজ ঘর থেকে নাঈমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায় পুলিশ। নাঈম গ্রামের হারুন অর রশিদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নাঈম ও একই এলাকার সোহান মিয়া (১৫) ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালাতে যান। সেখানে একটি মোবাইল ফোন বিক্রির ঘটনাকে কেন্দ্র করে নাঈমের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে বলে পরিবারের দাবি।
নাঈমের বাবা হারুন অর রশিদ দাবি করেন, সোহানের বাবা জামসেদ তার ছেলেকে মোবাইল চুরির অপবাদ দিতে থাকেন। মঙ্গলবার দুপুরে জামসেদ বাড়িতে এসে নাঈম ও তার বাকপ্রতিবন্ধী স্ত্রীর ওপর হামলা করেন বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, এ ঘটনার পর অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নাঈম আত্মহত্যা করেন।
নাঈমের মামা আবদুল মান্নান অভিযোগ করেন, জামসেদ ও তার ভাতিজা হুমায়ুন নাঈমকে ঘর থেকে টেনে বের করে মারধর করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জামসেদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






