টেকনাফ
মশালমিছিল ঘিরে যুবলীগ-পুলিশ সংঘর্ষ, এসআই আহত

হাসপাতালে টেকনাফ মডেল থানার এসআই মো. জাফর আলম। ছবি: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা মশালমিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে টেকনাফ মডেল থানার এসআই মো. জাফর আলম মাথায় আঘাত পেয়েছেন। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে একটি মশালমিছিল বের করা হয়। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি টেকনাফ পৌরশহরের দিকে যাওয়ার খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলকারীদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষের মধ্যে এসআই জাফরের মাথায় আঘাত লাগে। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে মিছিলটি বের করা হয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও সংগঠনটির নেতাকর্মীরা কর্মসূচি পালন করেন। গোদারবিল এলাকায় মশালমিছিলের পর সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথাও জানিয়েছেন স্থানীয় কয়েকজন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অহিদুর রহমান বলেছেন, ‘মঙ্গলবার রাতে আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মাথায় একাধিক সেলাই দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, রাতে যুবলীগের নেতাকর্মীরা মশালমিছিল বের করলে পুলিশ সদস্যরা বাধা দেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এসআই জাফর আলম মাথায় গুরুতর আঘাত পান।
তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
ওসি বললেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মসূচি পালনের অনুমতি নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের পর টেকনাফ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যদের টহল জোরদার করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।’




