সেনাসদস্য তিতাস হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

মো. হোসেন প্রকাশ বক্কইন্যা। সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি ও সেনাবাহিনী।
গতকাল মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া হোসেন টেকনাফের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর কক্ষে বসবাস করতেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে এসআরবি টেকনাফ ক্যাম্প ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় মুছনী বাজারের জহির আহাম্মদ মার্কেটের সামনে থেকে তিতাস হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি প্রকাশকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফারুক।
সেনাসদস্য মো. তিতাস শেখ (২৭) নিহতের ঘটনায় হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় আসামি ৯৫ জন। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫২ থেকে ৫৯ জনকে। এ ঘটনায় এর আগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গত বৃহস্পতিবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা-রঙ্গীখালী পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের একপর্যায়ে বাহিনীর সদস্যদের সঙ্গে মানব পাচারকারীদের গুলিবিনিময় হয়। এতে সেনাবাহিনীর সৈনিক তিতাস গুলিবিদ্ধ হয়ে মারা যান।




