সেনাসদস্য তিতাস হত্যা: তিন মামলায় আসামি ১৫০, গ্রেপ্তার ৬

সেনাসদস্য মো. তিতাস শেখ
কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় আসামি ৯৫ জন।
পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫২ থেকে ৫৯ জনকে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে যৌথবাহিনী।
আজ সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি জানিয়েছেন, ‘সেনাবাহিনীর একজন সদস্য বাদী হয়ে হত্যামামলা করেছেন। এ ছাড়া মানব পাচার ও অস্ত্র আইনে আরও দুটি মামলা করেছে পুলিশ। তিনটি মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামি রয়েছেন।’
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা-রঙ্গীখালী পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের একপর্যায়ে বাহিনীর সদস্যদের সঙ্গে মানব পাচারকারীদের গুলিবিনিময় হয়। এতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অভিযানে পাহাড়ি আস্তানা থেকে মানব পাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মানব পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে যৌথবাহিনী। পরে আটক ও উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, মামলাগুলোয় নাম উল্লেখ করা আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। আটক ছয়জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে।




