নকলায় বারোমাসি শজনে চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকের

ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে নকলা পৌরসভার জালালপুর এলাকায় বারোমাসি সজনে গাছের পরিচর্যা করছেন এক কৃষক। ছবি: আগামীর সময়
ফাল্গুন-চৈত্র মাসের মৌসুমি সবজি সজনে ডাঁটা এখন সারা বছরই পাওয়া যাচ্ছে। পুষ্টিগুণ ও স্বাদের কারণে বাজারে এর চাহিদাও বেশ। শেরপুরের নকলা উপজেলায় বারোমাসি সজনে চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তার পাশ ও পরিত্যক্ত জমিতেও ছড়িয়ে পড়েছে এ সবজির চাষ। কম পরিচর্যা ও উৎপাদন খরচের তুলনায় ভালো দাম পাওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের।
স্থানীয়রা জানায়, ২০১০ সালে নকলায় প্রথম থ্রি-স্টার জাতের উচ্চ ফলনশীল বারোমাসি সজনে চাষ শুরু হয়। বর্তমানে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে এ জাতের সজনে চাষ হচ্ছে। অনেক পরিবার নিজেদের খাওয়ার জন্য বাড়ির আঙিনায় দুই থেকে চারটি গাছ লাগিয়েছে। পাশাপাশি অনেকে বাণিজ্যিকভাবেও চাষ করছেন।
ঢাকা-শেরপুর মহাসড়ক দিয়ে নকলা উপজেলায় প্রবেশের পথে সড়কের দুই পাশে সারি সারি সজনে গাছ চোখে পড়ে। এসব গাছ একদিকে যেমন রাস্তার পাশের মাটি ধরে রাখতে সহায়তা করছে, অন্যদিকে স্থানীয় সবজির চাহিদাও মেটাচ্ছে।
নকলা পৌরসভার জালালপুর এলাকার শজনে চাষি খায়রুল ইসলাম, আশরাফ আলী, নছিমদ্দিন, আমির উদ্দিন, হাছেন আলী ও রানা মিয়া জানালেন, একসময় শজনে ডাঁটা শুধু ফাল্গুন-চৈত্র মাসে পাওয়া যেত। এখন বারোমাসি জাতের কারণে সারা বছরই ডাঁটা পাওয়া যায়। ডাঁটার পাশাপাশি শজনে গাছের পাতা ও সবুজ ডাল গোখাদ্য হিসেবেও ব্যবহার করা যায়।
বারোমাসি শজনে গাছের মধ্যে পিকে এম-২ জাতের গাছে সারা বছর ডাঁটা ধরে। পিকে এম-১ জাতের পাতা সজনে চা, পাউডার ও ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয়। চারা রোপণের ছয় থেকে আট মাসের মধ্যে গাছে ডাঁটা আসতে শুরু করে। পূর্ণবয়স্ক একটি গাছে বছরে কয়েকশ থেকে এক হাজারের বেশি ডাঁটা ধরতে পারে। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় একটি গাছ থেকে বছরে কয়েক হাজার টাকা আয় করা সম্ভব বলে জানিয়েছেন চাষিরা।
ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. ছায়েদুল হক জানান, বারোমাসি শজনে গাছ দ্রুত বাড়ে। চারা রোপণের ছয় থেকে আট মাসের মধ্যে ডাঁটা ধরতে শুরু করে। পূর্ণবয়স্ক একটি গাছে এক হাজার থেকে এক হাজার ৬০০টি ডাঁটা ধরে। সাধারণত ১০-১২টি ডাঁটায় এক কেজি হয়। প্রতি কেজি ৮০ টাকা হিসাবে একটি গাছের ডাঁটার দাম ৬ হাজার ৪০০ থেকে ৭ হাজার টাকা হতে পারে।
ছায়েদুল হক আরও জানালেন, বিঘাপ্রতি ৯০-১০০টি শজনেগাছ লাগানো যায়। একটি বাগান করতে সর্বোচ্চ ২০ হাজার টাকা খরচ হয়। বাজারে প্রতি কেজি শজনে ডাঁটা ১০০-১২০ টাকা দরে পাইকাররা বাগান থেকেই কিনে নেন। রোগবালাই ও পরিচর্যার খরচ কম হওয়ায় এ চাষে লাভের সুযোগ আছে।
বারোমাসি শজনে ডাঁটার চাহিদা বাড়ায় নকলার বিভিন্ন নার্সারিতেও এ জাতের চারা উৎপাদন হচ্ছে। স্থানীয় নার্সারির মালিক মুক্তার হোসেন জানালেন, তার নার্সারিতে বর্তমানে বারোমাসি শজনেগাছের এক হাজার ৩০০টি চারা রয়েছে। আরও তিন হাজার চারা উৎপাদনের কাজ চলছে। প্রতিটি চারা ৫০-১০০ টাকা দরে বিক্রি করছেন।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানালেন, শজনে ডাঁটা ও পাতায় বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। শজনেগাছের পাতা, বাকল, শেকড়, ফুল ও বীজ লোকজ চিকিৎসায়ও ব্যবহার করা হয়। তবে এসব উপাদান দিয়ে রোগের চিকিৎসা বা প্রতিরোধের বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ ও চিকিৎসকের পরামর্শের প্রয়োজন আছে।
নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম জানালেন, শজনে পাতায় প্রোটিনসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। গবাদি পশুর খাবারের সঙ্গে সবুজ ডাল ও পাতা পরিমিত পরিমাণে দিলে পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করতে পারে। এতে খামারিরা তুলনামূলক কম খরচে পশুর খাদ্য জোগাড় করতে পারবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানালেন, মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উন্নত জাতের শজনে চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বারোমাসি শজনে গাছ দ্রুত বাড়ে এবং চারা রোপণের সাত থেকে আট মাসের মধ্যে ডাঁটা ধরতে শুরু করে। বছরের অন্য সময়ের তুলনায় অসময়ে শজনে ডাঁটার দাম বেশি পাওয়া যায়। ফলে কৃষকরা লাভবান হতে পারেন।
কৃষি কর্মকর্তা আরও জানালেন, শজনেগাছের খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। অল্প খরচে চাষ করা যায় বলে কৃষকদের আগ্রহ বাড়ছে। শজনে চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ মাতৃবাগান গড়ে তোলার পরামর্শ দিচ্ছে। কেউ এ চাষে আগ্রহী হলে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।




