ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

দুই বিচারক হত্যার ২১ বছরে আজ শনিবার সকালে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা ও দায়রা জজ আদালত। ছবি: আগামীর সময়
ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পথে হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা ও দায়রা জজ আদালত।
আজ সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের করা হয়। এটি নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
শোকযাত্রায় নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। এতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পরে আদালত চত্বরে শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় জেএমবি। এতে ঘটনাস্থলেই নিহত হন বিচারক সোহেল আহম্মেদ। গুরুতর আহত বিচারক জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলায় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। আহত অবস্থায় আটক হন হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন।
এ ঘটনায় করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে সেই রায় বহাল থাকে। পরে ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের মধ্যে ছিলেন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং হামলাকারী ইফতেখার হাসান আল মামুন।
পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দুই বিচারক হত্যার এ ঘটনা সে সময় দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ২১ বছর পরও শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করা হচ্ছে নিহত দুই বিচারককে।




