ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ছবি: আগামীর সময়
ঠাকুরগাঁওয়ে সাত বছর আগে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবনের পাশাপাশি তাকে আরও ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রুবেল ইসলাম ওরফে রুবেল রানা। তিনি ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খড়িবাড়ি বদেশ্বরী গ্রামের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউজ্জামান চৌধুরী বাদল। এজাহারের বরাতে তিনি জানালেন, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে নেওয়া হয়। এরপর তাকে অজ্ঞাতনামা একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। পরদিন দুপুরে ইজিবাইকে করে ওই স্কুলছাত্রীকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যান রুবেল।
তিনি আও জানালেন, পরে বাড়ির লোকজন স্কুলছাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ওইদিনই মেয়েটির বাবা রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেলের বিরুদ্ধে মামলা করেন।
সাত বছর পর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ ঘোষণা করেছেন বলে জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউজ্জামান।
আসামি জরিমানা দিতে ব্যর্থ হলে, তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে ট্রাইব্যুনালে জমা দিতে হবে। পরে সেই অর্থ ভিকটিমকে প্রদান করা হবে বলেও জানালেন তিনি।




