চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রাম নগরীর হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অপরাধে মজিবুর রহমান মৃধা নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেরও আদেশ দিয়েছেন।
আজ রবিবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন বলে জানালেন পিপি মাহমুদ-উল আলম চৌধুরী।
দণ্ডিত মজিবুরের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। চট্টগ্রামের হালিশহর এলাকায় শিশুটির বাসার পাশেই তার বাসা ছিল।
মামলার নথিতে উল্লেখ আছে, শিশুটির মা গৃহপরিচারিকা ছিলেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে মেয়েকে বাসায় রেখে তিনি কাজে যান। প্রতিবেশী মজিবুর শিশুটিকে একা পেয়ে চকলেটের লোভ দেখিয়ে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করেন। বাসায় ফিরে তার মা ঘটনা জানতে পারেন। ধর্ষণে অসুস্থ হয়ে পড়া মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওই বছরের ১০ ডিসেম্বর মজিবুরের বিরুদ্ধে তিনি হালিশহর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে হালিশহর থানার এসআই জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ গঠনের পর ছয়জনের সাক্ষ্য নিয়ে ট্রাইব্যুনাল এ রায় দিলেন।
পিপি মাহমুদ-উল আলম চৌধুরী জানালেন, রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।



