বৃষ্টিতে যশোরের বাজারে সবজি, মাছ-মাংসের দাম চড়া

যশোরের বাজারে বেড়েছে সবজি, মাছ ও মাংসের দাম। ছবি: আগামীর সময়
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে সরবরাহ কমে যশোরের বাজারে বেড়েছে সবজি, মাছ ও মাংসের দাম। বিশেষ করে পেঁয়াজের কলি, শিম ও বেগুনের মতো সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। আমিষ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজের কলি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। শিমের দাম ১০০ টাকা কেজি। ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, মুলা ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে।
শীতকালীন অন্যান্য সবজির মধ্যে মানকচু ও মেটে আলু ৬০ টাকা, মিষ্টি আলু ১৬০ টাকা, বিটকপি ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং ক্যাপসিকাম ২৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম ৬০ থেকে ১০০ টাকা, উচ্ছে ৮০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ও চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা এবং পটল ৪০ টাকা কেজি।
এ ছাড়া কচুরলতি ৬০ টাকা, লাউ ও কচুরমুখি ৪০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা, কাঁচকলা ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা এবং আলু ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রেলবাজারের সবজি বিক্রেতা আজিজুর বললেন, বৃষ্টি হলে সবজি ও কাঁচামরিচের দাম এমনিতেই বাড়ে। এখন নিম্নচাপের কারণে টানা বৃষ্টি হচ্ছে। বাজারে সবজির সরবরাহ কম থাকায় দামও বেশি।
বাজার করতে আসা শহর আলী বলেন, সবজি ও মাছের দাম বেশি মনে হচ্ছে। বৃষ্টি চলতে থাকলে দাম আরও বাড়তে পারে।
মাংসের বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকায়। গরুর মাংসের কেজি ৮০০ টাকা এবং খাসির মাংসের কেজি ১ হাজার ২০০ টাকা।
ডিমের বাজারে প্রতি হালি সাধারণ মুরগির ডিম ৪৪ টাকা, সোনালি মুরগির ডিম ৫০ টাকা, দেশি মুরগির ডিম ৬০ টাকা, হাঁসের ডিম ৭২ টাকা এবং কোয়েল পাখির ডিম ১২ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা, পাঙাশ ১৪০ থেকে ২৫০ টাকা, সিলভার কার্প ১৫০ থেকে ২০০ টাকা, মৃগেল ৩০০ টাকা, গ্রাসকার্প ২৫০ থেকে ৩৫০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া পাবদা ৪০০ টাকা, শিং ৩৫০ থেকে ৪০০ টাকা, টাকি ৩৫০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, পুঁটি ৪০০ টাকা, বাটা ২০০ টাকা, সরপুঁটি ১৭০ টাকা, বাইম ৮০০ থেকে ১ হাজার টাকা, চাষের কৈ ২২০ টাকা এবং দেশি কৈ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বোয়াল ৪০০ থেকে ৭০০ টাকা, ভেটকি ৬০০ থেকে ৭০০ টাকা, শোল ৭০০ থেকে ১ হাজার টাকা, আইড় ও পার্শে ৮০০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দামও চড়া। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।
চালের বাজারে প্রতি কেজি স্বর্ণা চাল ৪৫ থেকে ৫২ টাকা, মিনিকেট ৬৫ থেকে ৮২ টাকা, কাজললতা ৫৫ থেকে ৬০ টাকা, আটাশ ৫৫ থেকে ৫৮ টাকা, বাসমতি ৭৫ থেকে ৮৪ টাকা এবং নাজিরশাইল ৯০ থেকে ৯৪ টাকায় বিক্রি হচ্ছে।
মসলার বাজারে প্রতি কেজি জিরা ৬৫০ থেকে ৯০০ টাকা, এলাচ ৫ হাজার টাকা, দারুচিনি ৫০০ থেকে ৫৫০ টাকা, গোলমরিচ ১ হাজার ৪০০ টাকা এবং লবঙ্গ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, আদা ১৫০ থেকে ২৬০ টাকা এবং রসুন ৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুদি পণ্যের মধ্যে খোলা সয়াবিন তেল প্রতি কেজি ২১০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনি ১১০ থেকে ১২৫ টাকা, খোলা আটা ৫০ টাকা, প্যাকেটজাত আটা ৬০ টাকা এবং মসুর ডাল ৯০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুগ ডাল ১০০ থেকে ১৭০ টাকা, ছোলার ডাল ১১৫ টাকা এবং খেসারির ডাল ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দীর্ঘদিন ধরেই সবজির বাড়তি দামে ভুগছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো সরবরাহের ঘাটতির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। বাজার তদারকি নিয়মিত না হওয়ায় অসাধু ব্যবসায়ীরা সেই সুযোগ নেন। ফলে ডিম, মুরগি, মাছ কিংবা সবজি, কোনো পণ্যই অনেক ক্রেতার নাগালের মধ্যে থাকছে না।




