স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি। ছবি: আগামীর সময়
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন।
দণ্ড পাওয়া মেহেদী হাসানের (৩৮) বাড়ি সখীপুর উপজেলার ইচ্ছাদিঘী গ্রামের আতিয়াপাড়ায়। রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম জানালেন, মেহেদী হাসান দীর্ঘদিন অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ার টাকার জন্য ও পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রী মোছা. কাকলীকে প্রায়ই নির্যাতন করতেন তিনি।
সবশেষ ২০২৫ সালের ৩ আগস্ট সকালে কলহের জেরে বিছানার নিচে লুকিয়ে রাখা ছুরি দিয়ে কাকলীর পিঠে আঘাত করেন মেহেদী। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেদিনই নিহতের ভাই বাদল মিয়া সখীপুর থানায় হত্যা মামলা করেন। সখীপুর থানা পুলিশ গাজীপুরের কোনাবাড়ী থেকে আসামিকে গ্রেপ্তার করে।
রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। এসব জানালেন অ্যাডভোকেট শফিকুল।







