কোম্পানীগঞ্জ
শিশুকে ‘হত্যায়’ পরস্পরকে দুষছেন বাবা-মা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেড় মাস বয়সী শিশুর মৃত্যুতে পরস্পরকে দায়ী করছেন বাবা-মা। এ ঘটনায় তারা থানায় পাল্টাপাল্টি অভিযোগও করেছেন। শিশুর বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ ভোরে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লারটেক এলাকার মফিজ মিয়ার নতুন বাড়িতে ঘটনাটি ঘটে। মৃত শিশুর নাম হুমাইরা জান্নাত (১ মাস ২০ দিন)। সে অলি উল্লাহ আজাদ (৩৫) ও পারুল আক্তারের মেয়ে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারুল তার ছেলে সিফাত (৫) ও মেয়ে হুমাইরাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শিশুটির বাবা অলি উল্লাহ ঘরের সামনের কক্ষে ঘুমান। ভোরে ঘুম থেকে উঠে অলি উল্লাহ ওই ঘরে গিয়ে দেখেন, শিশুটির কোনো নড়াচড়া নেই।
পরিবারের সদস্যরা প্রাথমিক যাচাইয়ে নিশ্চিত হন, শিশুটি মারা গেছে। অলি উল্লাহ অভিযোগ করেন, পারুল আক্তার সন্তানকে হত্যা করেছেন। অন্যদিকে পারুলের দাবি, অলি উল্লাহ মেরেছেন শিশুকন্যাকে।
ঘটনাস্থল পরিদর্শন করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কাউছার বলেন, পরস্পরবিরোধী বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। শিশুটির মরদেহ পরীক্ষা করে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বললেন, ‘শিশুটির নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে। হুমাইরা জন্মের পর থেকেই অসুস্থ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। জন্মের পাঁচ দিন পর অসুস্থতার কারণে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারদিন ভর্তি রেখে চিকিৎসাও দেওয়া হয়।’
মরদেহের পর শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানালেন কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকীম।







