পদ্মায় ভ্রমণে গিয়ে নিখোঁজ, ২ দিন পর মিলল ছাত্রদল নেতার মরদেহ

ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি। সংগৃহীত ছবি
ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার দুইদিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রবিবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পদ্মার শাখা নদী (আকাতের ঘাট) থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
মৃত রাকিবুজ্জামানের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকায়। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম।
তিনি জানিয়েছেন, আজ সকালে পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন।
গত শুক্রবার সকালে কাতলাগাড়ীর গড়াই নদী থেকে পাবনার রূপপুর পর্যন্ত ট্রলার ভ্রমণে বের হন প্রায় দেড় শতাধিক যাত্রী। ভ্রমণ শেষে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কা লাগে। এতে রকিসহ কয়েকজন নদীতে ছিটকে পড়েন। এতে তিনজন নিখোঁজ হন। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা শফিকুল জানিয়েছেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




