শ্রীপুর
শত্রুতার বলি ১২ লাখ টাকার মাছ

ছবি: আগামীর সময়
প্রায় এক একর জমির পুকুরে পাঙ্গাস, রুই ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ১৬ হাজার মাছ চাষ করেছিলেন গাজীপুরে শ্রীপুরের মৎস্যচাষি বাহরাম বাদশাহ্। শত্রুতায় সেই পুকুরে বিষ ঢেলে পুরো মাছই নিধন করেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায় মৎস্যচাষি বাহারম বাদশাহ্।
বাহরাম বাদশাহ্ মাওনা ইউনিয়নের সিংগারদিঘী মেডিকেল মোড় এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি জগদীশ মোড় এলাকার আমিনের কাছ থেকে পুকুর ভাড়া নিয়ে মৎস্যচাষ করেছিলেন।
তিনি জানান, গত বুধবার বিকেলে পুকুরে থাকা মাছগুলোকে খাবার দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পুকুরের মালিক আমিন পুকুরে মাছ মরে ভেসে থাকার খবর জানান। পুকুরে গ্যাস বা অক্সিজেন সংকট হয়েছে ভেবে অক্সিজেন বাড়ানো ও গ্যাসের ওষুধ এনে পুকুরে প্রয়োগ করেও ফল পাননি। পুকুরে যদি গ্যাস ও অক্সিজেনজনিত সমস্যা থাকত তাহলে সমস্যার সমাধান হতো। এরই মধ্যে ৫ থেকে ৭ হাজার মাছ মারা যায়। বৃহস্পতিবার সকাল থেকে পুকুরের পানিতে থাকা প্রায় সব মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে যে কেউ তার মাছের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করবেন।
শ্রীপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। আমাদের জানালে মাছের মৃত্যুর প্রকৃত কারণ বলা যেত।






