তিতাস
মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মুসল্লিদের ওপর হামলায় আহত ৫

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজার জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে মুসল্লিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বাতাকান্দি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু নেছার ভূঁইয়াসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা বাতাকান্দি বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন শামীম সরকার (৫৫), জসিম (৫৩), সাইদুল (৩০) ও হাফিজ (৩২)।
আহত শামীম সরকার জানান, বাতাকান্দি বাজার জামে মসজিদ কমিটির বেশ কয়েকজন সদস্য মারা গেছেন। অন্যদিকে বর্তমান সভাপতি পারভেজ হোসেন সরকার এলাকায় থাকেন না। এ কারণে তারা নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেন। এতে বাজার কমিটির সভাপতি মাইনুদ্দিন সরকারকে মসজিদ কমিটির সভাপতি করার সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, শুক্রবার বাদ জুমা এ বিষয়ে আলোচনার কথা ছিল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরপরই বাতাকান্দি গ্রামের আব্দুল আজিজ, আনিছ, সাঈদ, আমজাদ ও নেওয়াজ শরিফসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর হামলা চালান। এ সময় মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং একজনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
আহত সাইদুল জানান, তিনি সৌদি আরবপ্রবাসী। ২০-২৫ দিন আগে দেশে ফিরেছেন। শুক্রবার ভাতিজাকে নিয়ে বেড়াতে যাওয়ার পথে বাতাকান্দি বাজারে পৌঁছে নামাজের সময় হওয়ায় মসজিদে যান। নামাজ শেষে বের হওয়ার সময় তার ওপর হামলা হয়। হামলাকারীরা তার বুকে ও হাতে ছুরিকাঘাত করে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে সঙ্গে থাকা হাফিজ ও জসিমও মারধরের শিকার হন। এতে তারাও গুরুতর আহত হন।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে কেশবপুর গ্রামের কয়েক শ মানুষ বাতাকান্দি বাজারে জড়ো হন। পরে তারা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। অভিযুক্ত আব্দুল আজিজ ও তার পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




