চাঁপাইনবাবগঞ্জ
গরুবোঝাই ভটভটি খাদে, বাবা-ছেলেসহ নিহত ৩

ছবি: আগামীর সময়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের শরিফুল ইসলাম, তার বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে আবদুল হামিদ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভটভটিতে বাড়ি ফিরছিলেন তারা। পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুজনকে মৃত ঘোষণা করেন। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আহত সাতজন হলেন মধু, আবদুল হাকিম (৫০), আবু সাইদ (৪৫), জোবদুল হক (৪০), হেলাল (৫৫), কাজেম আলী (৪৭) এবং অজ্ঞাতনামা আরও একজন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।




