বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

ছবি: আগামীর সময়
কুমিল্লার লালমাইয়ে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকার ঘটনা এটি।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, মঙ্গলবার রাতে বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাগমারা দক্ষিণ বাজারে পৌঁছালে কয়েকজন যুবদল ও ছাত্রদল নেতা-কর্মী কার্যালয়ে ঢুকে চেয়ার, টেবিল, ব্যানার, পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজে হামলায় যুবদলের কয়েকজন নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে। তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে এ অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিএনপি কার্যালয়ের তালা ভেঙে কয়েকজন ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




