মা-মেয়ের কাছে পাওয়া গেল ৮ হাজার পিস ইয়াবা

মা ও মেয়ের কাছ থেকে পাওয়া গেছে ৮ হাজার পিস ইয়াবা। ছবি: সংগৃহীত
৮ হাজার ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুরাপাড়া এলাকার খালেদা বেগম (৩৫) ও তার মেয়ে হুমাইরা আক্তার (১৮)। কক্সবাজার পৌরসভার বার্মিজ মার্কেট এলাকার সিকদার মহল নামের একটি ভবনে বসবাস করতেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে চকরিয়া থানার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের সামনে মহাসড়কে অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা। সকাল ৭টার দিকে মারছা পরিবহনের একটি বাস সেখানে পৌঁছালে কর্মকর্তারা বাসটিতে ওঠেন। এ সময় পাশাপাশি আসনে বসা খালেদা বেগম ও হুমাইরা আক্তারকে আটক করা হয়।
পরে খালেদা বেগমের সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৮ হাজার ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।




