ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নিহত মো. এবাদুল হক (১৫)। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঘটে এ ঘটনা। এবাদুল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে স্থানীয় বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের ভাষ্য, শুক্রবার জুমার নামাজের পর বাড়ির পাশের একটি পতিত ডোবায় মাছ ধরতে যায় এবাদুল। ওই সময় বৈদ্যুতিক মোটর দিয়ে ডোবার পানি নিষ্কাশন করা হচ্ছিল। অসাবধানতাবশত সে বিদ্যুতায়িত হয়ে সেখানে পড়ে থাকে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
এবাদুলের বাবা মোশাররফ হোসেন বলেন, ‘মাছ ধরতে গিয়েই ঘটেছে এমন দুর্ঘটনা। হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি এবাদুল মারা গেছে।’
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, জুমার নামাজের পর বাড়ির পাশের ডোবা থেকে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে এবাদুলের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘ছেলেটি অত্যন্ত ভালো ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি কোতোয়ালি থানার আওতায়, তারা দেখবে।’




