মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্রকে টেঁটাবিদ্ধ

গ্রাফিকস: আগামীর সময়
ফরিদপুরে মাদক সেবনে বাধা দেওয়া এবং বিষয়টি গ্রামবাসীকে জানানোর জেরে জাবির আল মীর (২২) নামে এক কলেজছাত্রকে টেঁটাবিদ্ধ করে জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মুবিন মোল্যা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরকান্দার ফুলসুতী ইউনিয়নের বাউতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জাবির আল মীর ওই গ্রামের হেদায়েত আলী মীরের ছেলে। তিনি সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে জাবির গ্রামের ভেসালে মাছ শিকার করতে যান। এ সময় একই এলাকার সাখাওয়াত মোল্লার ছেলে মুবিন মোল্যা দেশীয় অস্ত্র টেঁটা দিয়ে তার ওপর হামলা চালান। এতে জাবির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মুবিন মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করতেন। জাবির তার মাদক সেবনের বিষয়টি গ্রামবাসীকে জানান এবং তাকে মাদক সেবনে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মুবিন বিভিন্ন সময় জাবিরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার একা পেয়ে মাছ শিকারের সময় তার ওপর হামলা করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মুবিনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



