সংঘর্ষের জন্য নরসিংদী থেকে ‘ভাড়া করে আনা’ যুবক ব্রাহ্মণবাড়িয়ায় নিহত

বাঞ্ছারামপুর থানা। ছবি: আগামীর সময়
এলাকা দখলের প্রস্তুতি চলছিল আগে থেকেই। সেই উদ্দেশ্যে নরসিংদী থেকে লোক ভাড়া করে আনা হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। আজ সোমবার ভোররাতে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন নরসিংদীর যুবক। আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে।
নিহত যুবকের নাম জুয়েল মিয়া (২৫)। তিনি জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে শান্তিপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন ও মোমেনের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এখন গ্রামটিতে মোমেনের পক্ষের আধিপত্য। মোমেনের পক্ষের লোকজনকে গ্রাম থেকে বিতাড়িত করে নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে ভোররাতে সংঘর্ষে জড়ায় সঙ্গে মোক্তার পক্ষের লোকজন।
সংঘর্ষের জন্য মোক্তার পক্ষ লোক ভাড়া করে আনেন নরসিংদীর রায়পুরা থেকে। সংঘর্ষের একপর্যায়ে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নিহত হন। তিনি মোক্তার পক্ষের হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন বলে জানালেন ওসি ইয়াসিন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




