বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, এলাকাজুড়ে আতঙ্ক

সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় গোলাগুলির শব্দও শুনেছেন স্থানীয়রা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় বাসিন্দারা জানালেন, সংঘাতে জড়িত দু’পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মাদক কারবারে আধিপত্য বিস্তার নিয়ে তারা সংঘাতে জড়ান বলে নিশ্চিত করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর সৈয়দশাহ রোডে ঘটেছে এ ঘটনা।
পুলিশ জানায়, রাত ১১টার পর হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে সংঘাতে জড়িতরা। এ সময় সৈয়দ শাহ রোডে গাড়ি ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। ১৫ থেকে ২০ মিনিটের মতো সংঘাতের পর পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে পুরো এলাকা জনমানবশূন্য হয়ে পড়ে আতঙ্কে।
বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম আগামীর সময়কে বললেন, ‘মূলত আতঙ্ক সৃষ্টি করার জন্য মাদক কারবারিদের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটানো হয়। কয়েকজন সামান্য আহত হয়েছেন।’
সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের জন্য সৈয়দ শাহ রোডের বিভিন্ন অলিগলিতে পুলিশের অভিযান চলছে বলে জানালেন ওসি।
সংঘর্ষে জড়িতরা বিএনপির সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে শাহীনুর বললেন, ‘সেরকম শুনেছি। তবে এলাকার লোকজন কেউ ভয়ে মুখ খুলছে না। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মাদক কারবারির আধিপত্য বিস্তার নিয়ে মুরাদ ও জসিম নামে দু’জনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।’




