কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযানে ৪১৫ জন কিশোর ও অপরাধীকে আটক করেছে জেলা পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে চালানো হয় এ অভিযান।
জেলা পুলিশ বলছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এবং তার সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালনা করে এ অভিযান। কুমিল্লা মহানগরসহ প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে, বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন জায়গায় অভিযান চালানো হয়। অভিযানে সরাসরি অংশ নেন পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, অভিযানে আটক ৪১৫ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।’




