বোয়ালখালীতে ছুরি ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

বোয়ালখালী থানা
চট্টগ্রামের বোয়ালখালীতে ছুরি ঠেকিয়ে এক মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধর করে মোটরসাইকেলে পালিয়ে যান দুই দুর্বৃত্ত।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আসিফ পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে। খরণদ্বীপ স্কুল এলাকায় তার মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকান রয়েছে।
আসিফের ভাষ্য, শ্রীপুর বুড়া মসজিদ থেকে কোনো যানবাহন না পেয়ে তিনি হেটে নানার বাড়িতে যাচ্ছিলেন। শান্তি বাজার পার হওয়ার পর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক তার পথরোধ করেন। একপর্যায়ে তারা ছুরি ঠেকিয়ে তার পকেটে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেন। বাধা দিলে তাকে মারধর করে মোটরসাইকেলে পালিয়ে যান। ওই দুই যুবকের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল।
আসিফ জানান, চার-পাঁচ মাস আগে নতুন দোকান দিয়ে বিকাশের ব্যবসা শুরু করেন। ছিনিয়ে নেওয়া টাকা দিনের লেনদেনের অর্থ ছিল।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী জানিয়েছেন, ঘটনা জানার পরপরই থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় বখাটে ও মাদকসেবী যুবকেরা জড়িত থাকতে পারেন বলে তার ধারণা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




