দুমকিতে বিএনপি নেতাকে মারধর-টাকা ছিনতাই, গ্রেপ্তার ছাত্রদল নেতা

শফিকুল ইসলাম ইমরান। সংগৃহীত ছবি
পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে (৫৬) মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম ইমরান।তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের মো. জলিল হাওলাদারের ছেলে।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে শফিকুলকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত শুক্রবার তালতলী বাজারে গেলে ছাত্রদল নেতা ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালান। এ সময় তার সঙ্গে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, ওই দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ও রাকিব পৃথকভাবে নিজেদের ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনা করতে গেলে খলিল তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছেন।




