দাউদকান্দিতে পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭২ পদ শূন্য, ব্যাহত সেবা

দাউদকান্দি পরিবার পরিকল্পনা কার্যালয়
কুমিল্লার দাউদকান্দি উপজেলার (গৌরীপুর) পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুমোদিত ১৫৯টি পদের মধ্যে ৭২টিই শূন্য। জনবল সংকটের পাশাপাশি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর নিয়মিত সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে পরিবার পরিকল্পনা কার্যক্রম। প্রয়োজনীয় সেবা ও সামগ্রী না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক সেবাগ্রহীতা। বিশেষ করে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
কার্যালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত ১৫৯টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ৮৭ জন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে একজন থাকার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দাপ্তরিক কাজের কারণে অধিকাংশ সময় ঢাকার সদর দপ্তরে অবস্থান করেন। সহকারী মেডিকেল কল্যাণ কর্মকর্তা পদে দুটি পদ থাকলেও একজনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। মেডিকেল অফিসার (পরিবারকল্যাণ) পদে অনুমোদিত তিনটি পদের বিপরীতে কর্মরত কেউ নেই। ফার্মাসিস্টের তিনটি পদও শূন্য আছে।
মাঠপর্যায়ের জনবল পরিস্থিতিও নাজুক। স্যাকমো পদে ছয়জন, পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদে ১১ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদে একজন, পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদে ২৭ জন, এমএলএস ও নিরাপত্তা প্রহরী পদে ছয়জন, আয়া পদে ১২ জন, দাইনার্স পদে একজন এবং গাড়িচালক পদে একজন নেই। সব মিলিয়ে ৭২টি পদ শূন্য রয়েছে। ফলে মাঠপর্যায়ে দম্পতিদের পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অন্যদিকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকটেও ভুগছে কার্যালয়টি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় কনডম, খাবার বড়ি, ইনজেকশন, আইইউডি বা কপার-টি এবং ইমপ্ল্যান্টসহ বিভিন্ন পদ্ধতির সামগ্রী বিনা মূল্যে সরবরাহ করা হয়। কিন্তু দাউদকান্দিতে এসব সামগ্রীর নিয়মিত সরবরাহ না থাকায় সেবাগ্রহীতারা প্রয়োজন অনুযায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নিতে পারছেন না।
গত ১৮ নভেম্বর সরেজমিনে গিয়ে কার্যালয়ের স্টোরের দায়িত্বে থাকা অফিস সহকারী শাখাওয়াত হোসেনের কাছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সম্পর্কে জানতে চাইলে তিনি সংকটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই এ পরিস্থিতি চলছে। মেরি স্টোপসের কাছ থেকে সীমিত পরিমাণে আইইউডি বা কপার-টি সংগ্রহ করে জরুরি প্রয়োজনে সেবা দিতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুর রহমান মানিক জানিয়েছেন, প্রকল্পের মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা হয়। ২০২৪ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো প্রকল্প অনুমোদন হয়নি। এ কারণে সামগ্রীর সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমান সরকার ডিসেম্বরের মধ্যে নতুন প্রকল্প অনুমোদন দেবে। তখন আগের মতো জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা সম্ভব হবে।
জনবল সংকট প্রসঙ্গে তিনি জানালেন, চাকরির মেয়াদ শেষ হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী অবসরে গেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




