ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার খারুয়ালী গ্রামে।
নিহতরা হলেন খারুয়ালী গ্রামের মো. সাহাবউদ্দিন আকন্দ (৬৫) ও মো. ধনু আকন্দ (৬০)।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন ধনু আকন্দ। জমির কাছে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের জন্য চাচাতো ভাই সাহাবউদ্দিন আকন্দ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় শিক্ষক জান্নাতুল ইসলাম সোহাগ জানিয়েছেন, মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার দেখে তিনি পল্লী বিদ্যুতের কার্যালয়ে বিষয়টি জানিয়েছিলেন। তবে তারটি সরানোর বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ তার।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




