ফতুল্লার মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে আরও একজনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লা কাশীপুর মহিলা মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে আরও একজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টায় মৃত্যু হয় তার। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুজনে।
মৃত জিদনী (১৪) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মোহন মিয়ার মেয়ে। এর আগে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনায় আরও একজন মারা যান।
মৃত্যুর তথ্য নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিউটের আবাসিক সার্জন মো. সুলতান মাহমুদ সিকদার বলেছেন, জিদনীর শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি জানালেন, চিকিৎসাধীন আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।
গত শনিবার সন্ধ্যার দিকে ফতুল্লার কাশীপুরে একটি মহিলা মাদরাসার পাশে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে তার ছিঁড়ে ৫ শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন।
তারা হলেন— জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আছিয়া (১২), আতিয়া আক্তার (১১)। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছিলেন, জিদনীর শরীরের ৮২ শতাংশ, লামিয়ার ৫৫, সুমাইয়ার ১৩ ও আছিয়ার শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছিল।



