টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রামু (কক্সবাজার) প্রতিনিধি

গ্রেপ্তার দুইজন
কক্সবাজারের টেকনাফে র্যাবের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার জাফর আলম (৫৫) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাচিপাড়া এলাকার মো. তারেক (১৯)।
র্যাব-১৫ সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ ক্যাম্পের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকেই জাফর আলম ও মো. তারেককে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া শেষে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।








