আগামীর সময়

গাজীপুর

জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার

জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈর থানায় জব্ধ ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

জানা যায়, গত ১৭ মার্চ কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। থানা হেফাজতে রাখা অবস্থায় অসুস্থ হয়ে একটি ঘোড়া মারা যায়।

এর মধ্যে হঠাৎ করে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গত রবিবার ভোরে অনেকটা গোপনে এক ব্যক্তির কাছে ৮টি ঘোড়া বিক্রি করে দেন। সোমবার সকালে থানায় ঘোড়া না থাকার খবর স্যোশাল মিডিয়া ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আগামীর সময়ে সংবাদ প্রকাশিত হয়।

এরপর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘোড়াগুলো ফেরত এনে গত সোমবার দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। তবে ঘোড়াগুলো ফেরত আনা হলেও দুইটি ঘোড়ার রঙ জব্দ করা ঘোড়ার সঙ্গে অমিল দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসনের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়।

    শেয়ার করুন: