হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ
সংগৃহীত ছবি
বৈরী আবহাওয়ার কারণে এবং মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে কার্যত সারা দেশের নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে। গতকাল রবিবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযারী তিন দিন ধরে উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ। এতে হাতিয়া রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল থেকেই হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তবে নদী উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি, যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ঘাট থেকে ছেড়ে যায়নি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেছেন, ‘নদী উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে ঢাকার এবং হাতিয়ার অভ্যন্তরীণ রুটে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সতর্কসংকেত তুলে নেওয়ার পর যোগাযোগ স্বাভাবিক হবে।’
এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীদের নলচিরা ও চেয়ারম্যানঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তবে নদী উত্তাল থাকায় এ ঘাট থেকে সি-ট্রাক, স্পিডবোট, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটিই ছেড়ে যায়নি।
ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।’
হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘রবিবার ভোর থেকেই নদী কিছুটা উত্তাল রয়েছে। জোয়ারের উচ্চতা স্বাভাবিক সময় থেকে বৃদ্ধি পেয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।’




