হাতি তাড়ানোর সময় ৩ রোহিঙ্গা অপহরণের শিকার

হাতি তাড়ানোর সময় ৩ রোহিঙ্গা অপহরণের শিকার
ক্যাম্প এলাকায় বন্য হাতির উপদ্রব। হাতি তাড়াতে রাতের পাহারায় ছিলেন তারা। এমন সময় তাদের তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েকজন। ঘটনাটি টেকনাফের। এখনও অপহৃত তিন রোহিঙ্গা।
তারা হলেন রোহিঙ্গা ক্যাম্প-২১ এর সি/১ ব্লকের বাসিন্দা শফিক আলম (৩২), মোহাম্মদ জয়নাল (১৩) ও শাহ আলম (১৬) । গতকাল মঙ্গলবার রাত থেকে খোঁজ নেই তাদের।
ক্যাম্প সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ৫ রোহিঙ্গাকে তুলে নিয়ে যায়। তবে দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি জানানো হয় ব্লক মাঝিকে।
স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দিন বলছিলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ মুক্তিপণ চায়নি। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পে হয়েছে সাধারণ ডায়েরি (জিডি)।
আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-১৬ (এপিবিএন)-এর সিও (অতিরিক্ত ডিআইজি) কায়সার সিকদার মন্তব্য করেন, ওই তিনজন রোহিঙ্গা নিখোঁজ ছিলেন বুধবার রাত পর্যন্ত। তবে তিনি ঘটনাটি অপহরণ বলতে নারাজ।
তার ভাষ্য, তারা ক্যাম্প এলাকা থেকে বের হয়ে পাশের পাহাড়ি এলাকায় চলে যায়। দুইজন ফিরে এলেও তিনজন এখনও ফেরেনি। বিষয়টি গুরুত্ব নিয়ে তদন্ত করা হচ্ছে, যোগ করেন এই কর্মকর্তা।

