আজ রাতেই হতে পারে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি!

সংগৃহীত ছবি
শান্তি আলোচনা এবং ইরানের ক্রমবর্ধমান চাপের মধ্যেই নতুন খবর— রাতেই হবে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা। আজ বুধবার উচ্চপদস্থ এক ইরানি নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানাল লেবাননের সংবাদমাধ্যম আল মায়েদিন। তবে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে আসেনি আনুষ্ঠানিক ঘোষণা।
সূত্র বলছে, এই যুদ্ধবিরতির স্থায়িত্ব হবে এক সপ্তাহ। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান অস্থায়ী যুদ্ধবিরতিও শেষ হবে ঠিক একই সময়ে। হিজবুল্লাহ-ঘনিষ্ঠ এই গণমাধ্যমটির দাবি, যুদ্ধবিরতির সময় ইসরায়েলের সহযোগী হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ের শান্তি আলোচনা এবং ইরানের কূটনৈতিক চাপের ফলেই তৈরি হয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা।
সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে ইসরায়েল ও লেবানন সীমান্তে। বিশেষ করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এতে উদ্বেগ বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হলে তা সাময়িকভাবে উত্তেজনা কমাতে পারে। তৈরি করতে পারে স্থায়ী সমাধানের পথ।
গত ফেব্রুয়ারিতে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত হন একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা। এর পর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। অন্যদিকে প্রতিশোধ নিতে লেবাননজুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েলও। এতে লেবাননে নিহত হয়েছে অন্তত দুই হাজার মানুষ।

