গাজীপুরে বাগ্বিতণ্ডা থামাতে গিয়ে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরির আঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন।
বুধবার রাত ১০টার দিকে নগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফেজ খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন।
আহতরা হলেন, মুরাদ হোসেন ও আশরাফ আলী। তাদের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে চক্রবর্তী এলাকার একটি দোকানে বসে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফেজ। পাশের আরেকটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা আতাউর কয়েকজন পথচারীর সঙ্গে বাগ্বিতণ্ডা ও চিৎকার-চেঁচামেচি করছিলেন। রাফিজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আতাউর নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপস্থিত আরও দুইজনসহ রাফিজের উপর হামলা চালান। হামলায় রাফিজের পেটের ডানপাশে ছুরির আঘাত লাগে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাফেজের অবস্থার অবনতি হলে দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর থানার এসআই শফিক আহমেদ জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আতাউরের বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে।




