গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ছবি: আগামীর সময়
গাজীপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইক সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ বুধবার বিকালে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছের সড়কে জয়দেবপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেও ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক শহীদ আলী সরমানকে আটক করা হয়েছে।
নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




