পাইকগাছায় ৫০০ গাছে ঝুলছে ‘টাকা’

নানির দেওয়া ২ হাজার ৭০০ টাকা দিয়ে শুরু হয়েছিল নার্সারি ব্যবসা। সেই উদ্যোগের ওপর ভর করেই ২৬ বছরের পথচলায় গড়ে তুলেছেন ফলের বাগান ও নার্সারি। এখন ১২ বিঘা জমিতে চলছে তার কৃষি উদ্যোগ। এর মধ্যে পাঁচ বিঘায় চায়না ম্যান্ডারিন জাতের মাল্টা চাষ করেছেন খুলনার পাইকগাছার বেলাল হোসেন। চলতি মৌসুমে বাগানের ৫০০টি গাছ থেকে প্রায় ১৫ হাজার কেজি মাল্টা উৎপাদনের আশা করছেন তিনি। প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করতে পারলে মোট বিক্রয়মূল্য দাঁড়াবে ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামের বেলালের বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে মাল্টা। ফলের আকার এবং রঙও বেশ আকর্ষণীয়।
বেলাল জানালেন, প্রায় চার বছর আগে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে মাল্টা চাষ শুরু করেন তিনি। প্রতি বিঘার বার্ষিক লিজ ২৫ হাজার টাকা হিসাবে ৫ বিঘায় খরচ হয় ১ লাখ ২৫ হাজার টাকা। ৫০০টি চারা কিনতে ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। শ্রমিক খরচ বিঘাপ্রতি ৩০ হাজার টাকা হিসাবে আরও দেড় লাখ টাকা। সব মিলিয়ে জমির এক বছরের লিজ, চারা ও শ্রমিক বাবদ ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ ২৫
চলতি মৌসুমে বাগান থেকে ১৫ হাজার কেজি মাল্টা পাওয়ার প্রত্যাশা করছেন বেলাল। তার ভাষ্য, বাগান থেকেই প্রতি কেজি ২৫০ টাকা দরে ফল বিক্রি করছেন। পুরো উৎপাদন এই দরে বিক্রি করতে পারলে মোট বিক্রয়মূল্য হবে ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
মাল্টা চাষে নিজের অভিজ্ঞতা থেকে বেলাল বললেন, ‘জমিতে পানি জমে থাকলে গাছের ক্ষতি হয়। তাই উঁচু জমি নির্বাচন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা জরুরি। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে গোবর সার বেশি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।’ তবে বাগানের মাটি এখনো পরীক্ষাগারে পরীক্ষা করা হয়নি। কপোতাক্ষ নদের কাছাকাছি হওয়ায় এলাকায় মাটির লবণাক্ততার প্রভাব রয়েছে বলেও তার ধারণা।
বেলালের কৃষি উদ্যোগের শুরুটা হয়েছিল আরও ভিন্নভাবে। প্রায় ২৬ বছর আগে উপজেলার সিলেমানপুরে নানার বাড়িতে থাকার সময় নানির কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা পান তিনি। সেই টাকা দিয়ে শুরু করেন নার্সারি ব্যবসা। ধীরে ধীরে বাড়তে থাকে উদ্যোগের পরিধি। বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে তার ফলের বাগান ও নার্সারি রয়েছে। পাঁচ বিঘায় মাল্টা, চার বিঘায় ড্রাগন ফল এবং বাকি তিন বিঘায় বিভিন্ন প্রজাতির ফলের গাছ ও চারা রয়েছে।
ফল চাষের পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রিও বেলালের আয়ের বড় উৎস। তার দেওয়া তথ্য অনুযায়ী, নার্সারি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকার চারা বিক্রি হয়। এ কাজে সারা বছর প্রায় ১২ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন জানিয়েছেন, বেলালের মাল্টা বাগান কৃষি বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অন্য কৃষকরাও ফলের বাগান করতে উৎসাহিত হতে পারেন।



