রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ জন। ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের রাজনগরে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মৌলভীর চক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তাক আহমদ (৫৮), একই গ্রামের হারুন মিয়ার ছেলে ইশতিয়াক আহম্মদ (২৭) এবং একামধু গ্রামের জহির আলীর ছেলে হাছান আলী (৩০)।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৩ অক্টোবর দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার নন্দীউড়া গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক কান্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ১৫ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে আহত হন কান্দর্প কুমার। এ ঘটনায় ২৫ অক্টোবর রাজনগর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে।
রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




