দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামের মাসুক মিয়া। লক্ষ্য ছিল বাড়তি আয় করা। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ল, বাড়ল বিনিয়োগও। একসময় দুটি পুকুর ছাড়িয়ে তার মাছের খামার ছড়িয়ে পড়ল একের পর এক জলাশয়ে। এখন ২৭টি পুকুর লিজ নিয়েছেন তিনি। এসব পুকুরে বছরে ৪৮-৫০ টন মাছ উৎপাদন করছেন। মাছ চাষে বছরে বিনিয়োগ করেন প্রায় ৫০ লাখ টাকা; তার খামারে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে ২০ জনের।
মাসুকের এই যাত্রা অবশ্য এক দিনে বড় হয়নি। শুরুতে দুটি পুকুরে মাছ চাষ করে ধীরে ধীরে ব্যবসার খুঁটিনাটি শ...